সংস্কৃতি

কবি প্রণামে মুখর পুরুলিয়া, জেলাজুড়ে নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

২৫ বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার পুরুলিয়া জেলাজুড়ে নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠল শহর ও গ্রামাঞ্চল।
কবি প্রণামে মুখর পুরুলিয়া, জেলাজুড়ে নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

২৫ বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার পুরুলিয়া জেলাজুড়ে নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠল শহর ও গ্রামাঞ্চল। গান, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন, প্রভাতফেরি ও আলোচনা সভায় কবিগুরুকে স্মরণ করলেন জেলার সংস্কৃতিপ্রেমী মানুষ।

মানবাজারের রাধামাধব ইন্সটিটিউশনে ‘মে আই হেল্প ইউ’ গোষ্ঠীর উদ্যোগে দিনভর আয়োজিত হয় ‘কবি প্রণাম’। অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিল্পী গোরাচাঁদ নারায়ণ দেব। তিনি কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। পরে রবীন্দ্রসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা এবং রবীন্দ্রভাবনাকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার প্রায় দু’শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সকল অংশগ্রহণকারীকে পরিবেশবান্ধব বীজ-কলম উপহার দেওয়া হয়।

অন্যদিকে, জেলা তথ্য ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে শহরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় ‘কবি প্রণাম ১৪৩৩’। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলার শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুরুলিয়া শহরের সুভাষ পার্কে  ‘প্রভাতী’র ৪০তম ‘কবিপ্রণাম’ অনুষ্ঠানেও সমবেত হন বহু রবীন্দ্রপ্রেমী। রবীন্দ্রনাথের শান্তি ও মানবতার বাণী উচ্চারিত হয় গান ও আবৃত্তির মাধ্যমে। “হিংসায় উন্মত্ত পৃথ্বী...” পঙ্‌ক্তিকে সামনে রেখে বর্তমান সময়ের অশান্ত বিশ্বে কবিগুরুর চিন্তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন আয়োজকেরা।

এ ছাড়াও গড়জয়পুর সপ্তর্ষি থিয়েটার বেসড স্কুলের উদ্যোগে গড়জয়পুরে আয়োজিত হয় রবীন্দ্রজয়ন্তী উদযাপন। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে।