নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
রাজ্যে পালাবদলের পরেই ঝালদার তৃণমূলের বর্তমান পুরপ্রধান ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের হলো ঝালদা থানায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম ঝালদার রাজনীতি। রবিবার ঝালদা পুর শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি নেতা বিজয় কুমার ভগত ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ২০২২ সালের পুরসভার নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকালে ওই ওয়ার্ডের প্রার্থী সুরেশ আগরওয়াল, তার ছেলে রোহিত সহ তাদের কিছু সমর্থক হিন্দী হাইস্কুলে ৪৯ এবং ৫০ বুথে রিগিং,ছাপ্পা ও ভোট লুঠ করতে যান বলে অভিযোগ। ওই সময় প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল ।বিজয় কুমার ভগতের আরও দাবি ,ওই ঘটনায় তিনি ঝালদা থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু সেই সময় রাজ্যে তৃণমূল সরকার থাকায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ।ফলে রাজ্যে পালাবদলের পর ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পুলিশ জানায় , অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বিষয়টিতে সুরেশ আগরওয়ালের মন্তব্য পাওয়া যায়নি।